Showing posts with label Video. Show all posts
Showing posts with label Video. Show all posts

লাফিয়ে

পদ্ম লাফাতে পছন্দ করে। জাম্পি। দু’বছর বয়সে সোফায় উঠে “চাঙ্গা চাঙ্গা” বলে চেঁচাতো আর প্রানপণে লাফাতো। মিনি স্লাইড দিয়ে স্লাইড করার বদলে লাফ দিয়ে স্লাইড পার হয়ে পড়তেই বেশি আগ্রহ দেখা দিলো চার বছর বয়সে। ইশকুলের পিকনিকে গিয়ে ওপর থেকে রকস্টারের মতো হাঁটু দিয়ে লাফ দিয়ে পা’জামা ছিঁড়ে, হাঁটু ছিলে একাকার।

পদ্মকে একটা লাফানোর আর বেয়ে ওঠার একটা কোর্স বানিয়ে দিয়েছিলাম উত্তরা থাকতে, যাবতীয় ফার্নিচার একসাথে করে। আর নিচে ফোম। সেটার থেকে পদ্ম দুমদাম পড়েছে দু’তিন বার। ঘরে ঢুকে দেখি পদ্ম উল্টে আছে, শরীর মেঝেতে, পা আটকে আছে বেঞ্চের ফাঁকে।

ওই ক্লাইম্বিং কোর্সেরই বিভিন্ন উচ্চতা থেকে প্রিসিশিন জাম্পিং প্রাকটিস করতো পদ্ম। মেঝেতে একটা টার্গেট (ম্যাট জাতীয়) রেখে তার ওপর লাফ দিয়ে পড়া। সফল হলেই টার্গেট আরো দূরে। পদ্ম সিংহ রাশি, রাজ যোগে সূর্যের জাতক। সে যা চায় তা করে। দু’বছর চেষ্টা করে অটবির একটা শেলফের একটা পাশ ডিসম্যান্টল করে ফেলেছে পদ্ম, খালি হাতে, মাত্র তিন বছর বয়সে। হামাগুড়ি আর হাঁটার যে অবিরাম প্রাকটিস চলতো তার তো কোনো কথাই নেই।

একদিন আমরা পাহাড়েও চড়বো

পদ্ম বেয়ে উঠতে পছন্দ করে। আরো ছোট বয়সে সে তার নানার সিঁড়ি (মানে মই) বেয়ে উঠেছে। সে ছবি আছে নানার ফোনে। বোধহয়। আরেক পোস্টে পদ্মর ক্লাইম্বিং কোর্সের কথা লিখেছি। শেষ যেদিন বাসায় গেছি সেদিনও পদ্মর সাথে সিঁড়ি বেয়ে উঠেছি। বাবার সাথে বাইরে গেলেই পদ্ম কাঁধে উঠে থাকে। বাবার কোলে পদ্মর বেশি আরাম হয়না। কিন্তু কাঁধে-পিঠে অন্য গল্প।

একদিন আমরা পাহাড়ে উঠবো। প্রথমে ছোট পাহাড়, মানে রাঙামাটি-বান্দরবান। তারপর দার্জিলিং-নেপাল আর বড় পাহাড়। বিয়ের আগে পদ্মর মায়ের সাথে বান্দরবান গিয়েছিলাম। এখন পর্যন্ত আমাদের সবচেয়ে সুন্দর স্মৃতি। পদ্মর বই আছে, পাহাড়ওয়ালা। বিশাল পাহাড়ে বিশাল বাড়ি, তাতে থাকে বিশাল দৈত্য।

পদ্মর গ্রামের বাড়ি



পদ্মর নানী বাড়িই ওর গ্রামের বাড়ি। মুন্সীগঞ্জ জেলা, শ্রীনগর উপজেলা, রাঢ়িখাল ইউনিয়ন পরিষদ, রাঢ়িখাল গ্রাম। বাড়ির পেছনে মস্ত দিঘী, পাশে দারোগা বাড়ি, মিঞা বাড়ি ইত্যাদি। লেখক হুমায়ুন আজাদ আর বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের মালিকের বাড়িও কাছে পিঠেই। বড় বাজার চাইলে আছে ভাগ্যকূল বাজার, পদ্মার পাড়ে। পদ্মর নানীর (পদ্ম বলে নিন্না) মা, মানে পদ্মর বড় মা ওকেই ডাকে “পদ্মা” বলে।

এই গ্রামই থাকে নাহিদ সহ আরো বাচ্চারা। গ্রামে গেলেই পদ্ম তাদের সাথে ফুটবল খেলে, ডাল ধরে ঝোলার চেষ্টা করে, গরু ছাগলের পেছনে পেছনে হাঁটে, খড়ের গাদায় গড়ায়। চারিদিকে পুকুর আর পানি। খুব সাবধানে থাকতে হয়। অনেক রান্না-বান্না খাওয়া-দাওয়ার আয়োজন চারিদিকে।

আমার বাড়ি বরিশাল। একদিন পদ্মকে নিয়ে যাবো। গ্রিন লাইনের কাটামারান করে যাবো, দ্বীপরাজ বা সাগর ১৭ বা ঐরকম কোনো মস্ত জাহাজে ফিরে আসবো। একটা বাইনোকুলার লাগবে। বরিশালের কাঠের বাড়ি দেখাবো, বিবির পুকুর, অক্সফোর্ড  মিশন, বরিশাল মেডিকেল। কবে যাবো?

ছোট্ট একটা হেডব্যাঙ্গার

বনানীতে থাকতে আমাদের টিভি ছিলো দু’টো, কিন্তু পদ্মর তখন টিভি দেখার বয়স হয়নি। উত্তরায় গিয়ে আমাদের সম্বল ছিলো ল্যাপটপ, বনানীতে সেই ল্যাপটপেই আমরা গান শুনতাম। জন্মের আগে পদ্মর জন্যে বাজিয়েছি হাকুনা মাটাটা, লায়ন কিং-এর গান।

উত্তরায় গিয়ে এছাড়াও আমরা নিয়মিত শুনেছি লায়ন স্লিপস টুনাইট, ড্যান্সিং কুইন, ব্রাউন গার্ল্ ইন দা রিং, এভরিথিংস গনা বি অলরাইট... এমনি সব গান। আর ঘুমের সময়ে বাবা-মা মিলে গাইতাম ফুলে ফুলে ঢলে ঢলে, নয়তো এবিসিডি গান। গান পদ্ম খুব নিয়মিত শুনতে পায়নি, ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে। এখন তার প্রিয় গান লেট ইট গো, ফ্রোজেন-এর গান।

এছাড়া দুই থেকে চার বছর বয়স পর্য্ন্ত পদ্মর এবং আমাদেরও প্রধান বিনোদন ছিলো স্মার্ফ্স দেখা। পুরো ৯ সিজন আমাদের কাছে ছিলো। সেই হার্ড্র ড্রাইভটাও হারিয়ে গেছে। 

এই মাত্র এলো পদ্ম

পদ্মর জন্ম ২০১২ সালের ৮ নভেম্বর সকাল ৯টা ৫৫ মিনিটে। পাশ্চাত্য মতে তার রাশি বৃশ্চিক। কিন্তু ভারতীয় মতে তার রাশি সিংহ, তার জন্ম নক্ষত্র রেগুলাস বা হার্ট অফ দা লায়ন, বাংলায় মঘা। রাশি অধিপতি সূর্য, গুরু বৃহস্পতি, নক্ষত্র অধিপতি কেতু। ভীষণরকম সিংহ, কেতু দিয়ে খানিকটা নমনীয়। জন্মলগ্নে আছে রাজযোগ আর রুচক যোগ। চীনা মতে পদ্ম জলড্রাগন। পদ্ম জন্মেছে যাদুকরী রাজকন্যা হতে। অনেক ক্রিয়েটিভ হবার কথা।

পদ্মর বাবা পাশ্চাত্য মতে বৃশ্চিক, আদতে জন্ম কুম্ভ লগ্নে। পদ্মর মা পাশ্চাত্য মতে ধনু, আদতে বৃশ্চিক। সবারই জন্ম নভেম্বরে। উত্তরায় থাকতে এক বিল্ডিঙে ছিলো ৫ জন্মদিন, আরেক বিল্ডিঙে ছিলো ৩ জন্মদিন। আমাদের তাই একটা র‌্যাপিড ডিপ্লয়মেন্ট জন্মদিন কিট থাকতো সবসময়ে রেডি - মোমবাতি, বেলুন, হ্যাপি বার্থডে লেখা, ফোম, কনফেটি, ফ্লেয়ার ক্যান্ডল...।

জন্মের চার মাস আগে থেকে নাম খুঁজতে লেগে গেছি, জন্মের চার মাস পরে পর্ন্ত নাম খুঁজে গেছি। হাজার হাজার নাম দেখেছি, যত ভাষায় সম্ভব। আমার প্রথম পছন্দ ছিলো কিসিমা হেফজিবা।সোয়াহিলি ভাষায় কিসিমা মানে কল্যাণী, হিব্রু ভাষায় হেফজিবা মানে দেবানন্দা। শেষটায় নাম দাঁড়ালো পদ্মপাণি। বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর যখন নারীরূপ ধরেন তখন তার নাম পদ্মপাণি, চীনা মতে কুয়ান-ইন, করুণার দেবী, যিনি সব মানুষের কান্না শুনতে পান। তিব্বতী তন্ত্রে পদ্মপাণির বিরাট ভূমিকা।

দু’ভাগে নাম না হলে দলিলপত্রে ভারী অসুবিধা। তাই পদ্মপাণির আগে জুড়ে দিলাম কৃত্তিকা, ঠেকায় পড়ে। কার্তি্ক মাসে জন্ম বলে এই ব্যবস্থা। আমারো কার্তি্ক, পদ্মর মা অঘ্রান। পদ্ম অবশ্য প্রথম যে নামে সাড়া দিতো সেটা “ছোট”। এক বছরের একটু বেশি বয়সে পদ্মর মা “বাবা কি ডাকে?” জিজ্ঞেস করলেই পদ্ম মুখ গোল করে বলতো “সোওওতো”।