Showing posts with label Padmaspeak. Show all posts
Showing posts with label Padmaspeak. Show all posts

বাবাম


পদ্ম ওর মাকে মা বলে, নানা সুরে, রাগ, অভিমান, পটানি, আহ্লাদি কত কিছু। আর বাবাকে বলে বাবাম, বলে আমার বাবা, ড্যাডি পিগ (এটা পেপা পিগ থেকে নেয়া), এমনি নানা কিছু।

সেই বাবাকে পদ্ম আর পায়না। বাবাও পদ্মকে আর পায়না।

পদ্মর মা ওর জন্মদিনে ম্যাজিশিয়ান ডেকে বাসায় বাচ্চাদের খেলা দেখিয়েছে। পদ্ম মুগ্ধ। বাচ্চারাও। আমি ইনভাইটেড নই।

পরের দিন সকালে, আমার অনেক ভাগ্য, আমি পদ্মর সাথে ছিলাম। জিজ্ঞেস করলাম, “মা, ম্যাজিক কেমন ছিলো?” পদ্ম ওর স্বভাব মতো হাঁউমাউ করে বললো, “ওয়ার্স্ট ম্যাজিক ইন মাই লাইফ। বাবা, তুমি এলে না কেন?” পদ্মর জীবনে প্রথম যে ম্যাজিক দেখিয়েছিলো সেই বাবার তখন চোখে জল। কোনমতে বললাম, “তোর মা যে আমাকে আসতে বলেনি।”

তখনই পদ্মর মা এসে গেলো। বললো, “মেয়েকে চোখের পানি দেখােচ্ছো কেন?”

সত্যি তো! মানুষ কাঁদে কেন?

পদ্মপাণির যুক্তশব্দ

ইংরেজিতে বলে টেরিবল টু। সেই দু’বছর বয়সে পদ্ম ভাষা আবিষ্কার করছে, উদ্ভাবন করছে। কিছু শিখছে, তারপর সেটা প্রয়োগ করছে, ফল পেলে আবার প্রয়োগ করছে। এভাবেই দ্রুত পদ্মর অনেকগুলো যুক্তশব্দ তৈরি করে ফেললো।

পানি=পানি > কান্নাপানি=অশ্রু
কোলে=কোলে > কোলেবুকে=বুকে জড়িয়ে ধরে কোলে
পচা=খারাপ > দুষ্টুপচা=খুব খারাপ
go=যাও > gogogo=এক্ষুনি যাও

ধপাস কুটি পাটি

পদ্ম যখন আড়াই বছর, তখন তার দু’টো কথা ছিলো সাংঘাতিক - “ধুপ করে ধপাস” আর “হেসেই কুটি কুটি পাটি” - অনেক দিন পর্যন্ত আমি নিজেরই কথা দু’টো ব্যবহার করেছি।

পদ্মকথা

এই পোস্টটা লিখেছিলাম যখন পদ্মর তখন ২০ মাস বয়স। অনেক পুটুর পুটুর কথা শিখেছে।

একদিন দরজায়...
:ঠকঠক
:কে এখানে?
:বেবি বেইইইবি
:কার বেবি?
:দীপা। দীপা-মার বেবি।

আরেকদিন বারান্দায়...
:নানা, নানা।
:নানা অপিসে।
:বাবা, বাবা।
:বাবা অপিসে।
:নিন্না, নিন্না।
:নিন্না বাজারে।
:ওহ। সবাই নাই।

আরেকদিন জানালায়...
:আকাশে আকাশে
:আকাশে কি মা?
:পাখি
:পাখি কি করে মা?
:উড়ে উড়ে

অন্য আরেকদিন পর্দার পেছনে...
:পদ্ম কোথায়? কোথায় রে?
:পদ্ম নাই নাই।
:এইটা কার পা দেখা যায় রে?:
মাকাশসা (i.e. মাকড়সা):এইটা আবার কিরকম পা?:শিকন শিকন (i.e. চিকন চিকন) পা।

আরো একদিন, ডাইনিং স্পেসে...
:দেয়ালে এইগুলি কি মা?
:ফাইভ, সেপেন, নাইন, টু...
:কি করেছো?
:আঁকি আঁকি
:কে এঁকেছে?
:মাও বিড়াল
:মাও বিড়াল কোথায়?
:এই যে এখেনে (দেখিয়ে দিলো নিজেকে)

অন্য একদিন, রান্নাঘরে...
:এইটা দাও। দাও দাও।
:কেন?
:এইটা নেবে। নেবে নেবে।
:কি করবি এইটা দিয়ে মা?
:কাটি কাটি।
:কি কাটবি?
:টুক্কা টুক্কা (i.e. টুকরা টুকরা)
:কি টুকরা টুকরা?
:বড় ছোট। টুক্কা টুক্কা।

তারপর পদ্ম শিখলো লম্বা লম্বা বাক্য তৈরি করা...
“চুল টেনে ঠিক করে দাও।”
মানে চুল বেঁধে দাও।

“মাছি ঘুরে। দেখতে পাইনা।”
মাছি মারার ব্যর্থ  চেষ্টার সাথে।

“মাকাশসার পাছায় কামড়ে দাও।”
একদিন সকালে ঘুম থেকে উঠে।

“মা দুধ বানায় নাই।”
যখন ওর মা সকালেই দিলো তুলসী পাতা আর থানকুনির রস।

টেলিফোনে মাকড়সার সাথে কথা...
:অ্যাই মাকশসা, হ্যালো (একটু থেমে, যেন অন্যপাশের কথা শুনছে)
:শোনো (আবার একটু থেমে)
: (মহা আমন্ত্রণের সুরে) বাসায় আসো

পুতুলের যত্ন...
:বালিশ (বালিশ তুলে নিয়ে পুতুলকে তার ওপরে শোয়ালো)
:থাকো থাকো (পুতুলকে প্যাট করে)
এবার পদ্ম একটা টুল নিয়ে তার ওপর উঠে কম্পিউটারের নাগাল পাওয়ার চেষ্টা করে, যাতে স্মার্ফসের একটা এপিসোড চালাতে পারে, কিন্তু পেরে ওঠে না।
:কি দেখাই! (মহাচিন্তিত ভাবে মাথা চুলকায়)
ঘরের আরেকপাশে গিয়ে একটা বই নিয়ে আসে।
:দেখো (পুতুলকে বই খুলে দেখায়)
তারপর পুতুলকে বই পড়ে শোনায়, মানে পাতা উল্টে উল্টে ছবি দেখিয়ে হিজিবিজি কথা।

পদ্মপাণির চিড়িয়াখানা:
গরু=গরু হাম্বা
বিড়াল=মাও বিড়াল
মুরগী=মুরগী কককক
হাঁস=ডাকি প্যাঁকপ্যাঁক

ভাইবার

আমি তো পদ্মর সাথে থাকি না, তাই পদ্ম আমার সাথে ফোনে কথা বলে, ভাইবারে ভিডিও কল করে। আর মাঝে মাঝে স্টিকার পাঠায়। বলে, “বাবা, আমি তোমাকে স্টিকার পাঠাবো, তুমি আমাকে স্টিকার পাঠাবে।” পদ্ম লিখতে পারে না। ওর বয়স পাঁচ বছর। কিন্তু সে স্টিকার দিয়ে বলতে পারে সে কি বলতে চায়। একদিন পদ্মর মা আমাকে ফোনেই গালাগাল করার পর পদ্ম রাগ করে আমাকে বললো, “পচা বাবা।” তারপর মুছে ফেললো সেদিন যতগুলো স্টিকার পাঠিয়েছিলো তার সব। এখন পদ্মর মা বলেছে পদ্ম আর আমাকে কল করবে না।

গোলাপচারা

পদ্মর নানি চারটা গোলাপ চারা নিয়ে এসেছে টবের মধ্যে। পদ্মর তখন ১ বছর ৮ মাস বয়স। চারটা গাছের মধ্যে ১টা হাইব্রিড, আরো ২টায় ফুল আছে, একটায় ফুল নাই।

পদ্ম সবকয়টা ফুল শুঁকে দেখে। হাইব্রিড শুঁকে মাথা নাড়ে - “সুন্দর, সুন্দর।” ফুুল ছাড়া গাছ দেখে মেজাজ খারাপ হয়ে যায় পদ্মর। প্রথমেই বকা - “ফুল নাই কেন? ফুল নাই কেন? কামড়ে দেবো।” তারপর ঠাস করে একটা চড় গাছের পাতায়।

পদ্মর মা বলে - “আহা, মারলে ব্যাথা পায় না?” পদ্ম একটু ভাবে, তারপর গাছের গায়ে হাত বুলিয়ে দেয় - “সরি। আদর আদর।”

ফাদার্স ডে

আমার মেয়ে পদ্মপাণি প্রথম কথা বলেছিলো ফাদার্স ডে-তে। বলেছিলো বাবা। আমি ফোনে শুনেছি। আমি তখন মেয়ের সাথে নাই। আমি প্রায়ই মেয়ের সাথে থাকিনা।