লাফিয়ে

পদ্ম লাফাতে পছন্দ করে। জাম্পি। দু’বছর বয়সে সোফায় উঠে “চাঙ্গা চাঙ্গা” বলে চেঁচাতো আর প্রানপণে লাফাতো। মিনি স্লাইড দিয়ে স্লাইড করার বদলে লাফ দিয়ে স্লাইড পার হয়ে পড়তেই বেশি আগ্রহ দেখা দিলো চার বছর বয়সে। ইশকুলের পিকনিকে গিয়ে ওপর থেকে রকস্টারের মতো হাঁটু দিয়ে লাফ দিয়ে পা’জামা ছিঁড়ে, হাঁটু ছিলে একাকার।

পদ্মকে একটা লাফানোর আর বেয়ে ওঠার একটা কোর্স বানিয়ে দিয়েছিলাম উত্তরা থাকতে, যাবতীয় ফার্নিচার একসাথে করে। আর নিচে ফোম। সেটার থেকে পদ্ম দুমদাম পড়েছে দু’তিন বার। ঘরে ঢুকে দেখি পদ্ম উল্টে আছে, শরীর মেঝেতে, পা আটকে আছে বেঞ্চের ফাঁকে।

ওই ক্লাইম্বিং কোর্সেরই বিভিন্ন উচ্চতা থেকে প্রিসিশিন জাম্পিং প্রাকটিস করতো পদ্ম। মেঝেতে একটা টার্গেট (ম্যাট জাতীয়) রেখে তার ওপর লাফ দিয়ে পড়া। সফল হলেই টার্গেট আরো দূরে। পদ্ম সিংহ রাশি, রাজ যোগে সূর্যের জাতক। সে যা চায় তা করে। দু’বছর চেষ্টা করে অটবির একটা শেলফের একটা পাশ ডিসম্যান্টল করে ফেলেছে পদ্ম, খালি হাতে, মাত্র তিন বছর বয়সে। হামাগুড়ি আর হাঁটার যে অবিরাম প্রাকটিস চলতো তার তো কোনো কথাই নেই।