টিসুখাদ্য

সবার বাচ্চা খায় শিশুখাদ্য আর আমার মেয়ে খেতো টিসুখাদ্য, মানে টিসু পেপার। বয়স দু’বছর হতে না হতে এই সুখাদ্যটির সাথে তার গভীর সম্পর্ক হয়ে গেলো। সুযোগ পেলেই হাতে উঠে আসে টিসু পেপার। মুখ মুছিয়ে দিতে গেলে এক কামড় চলে যায় মুখে। সাড়াশব্দ না পেলে ৫০% সম্ভাবনা দরজা কি পর্দার পেছনে লুকিয়ে টিসুসেবা চলছে।

একদিন উত্তরায় বাসায় ফিরে দেখি বিছানায় বসে, বিছানার মাথায় খাড়া করা বালিশে পিঠ ঠেকিয়ে আরাম করে টিসু খাচ্ছে পদ্ম, পুরো বাক্স নিয়ে বসেছে। আমি কিছু বলার আগেই চোখ গোল করে বললো, “টিসু খেতে মজা।”