পদ্মর কষ্ট হয়

পদ্মর মাকে আমি অনেক কষ্ট দেই। ইচ্ছে করে দেইনা। পদ্মর মা খুঁজে খুঁজে কষ্ট পাবার কারণ বার করে। আমিও সব কাজ ঠিক করি না। সে বিশ্বাস করে আমি একটা ড্রাগ এডিক্ট, চোর, মিথ্যুক, পেডোফাইল, সেক্স এডিক্ট, লম্পট...। আমার পুরো পরিবার চোর, লম্পট কত কি। আরো কি কি মনে করে সব বলাও মুশকিল। পদ্মর মা কষ্ট পায়। আমি চাইনা সে কষ্ট পাক, তবু পায়। সে কষ্ট পেলে আমার খারাপ লাগে। অনেক খারাপ লাগে। কিন্তু বুঝে পাইনা কিভাবে তাকে কষ্টের হাত থেকে রক্ষা করবো।

এবার আমি পদ্মকে কষ্ট দিয়েছি। পদ্ম তার বাবাকে ভালোবাসে। ওর মা বাবার নামে পদ্মকে অনেক খারাপ কথা শিখিয়েছে। তাও বাসে। বাবাও পদ্মকে অনেক ভালোবাসে। বাবা জানে কিভাবে পদ্মকে সুখী রাখা যায়। ছোট্ট একটা মানুষ। তার ছোট্ট ছোট্ট চাওয়া। তার মধ্যেও তাকে কষ্ট দিয়েছি। ওর মায়ের সঙ্গে চিৎকার করে ঝগড়া করেছি। ভয়ে পদ্ম বাথরুমে লুকিয়ে গেছে। আমি রাগে দুঃখে হতাশায় অন্ধ হয়ে গিয়েছি। আমি আমার মেয়েকে কষ্ট দিয়েছি।

পদ্ম বলেছে - “তোমরা ঝগড়া করলে আমার অনেক কষ্ট হয়।”

এইটুকুন একটা মেয়ে। দুই বছর বয়স থেকে বাবা-মাকে একসাথে করার চেষ্টা করছে। আগে প্রায়ই বলতো - “বাবা তুমি মায়ের হাত ধরো, মা তুমি বাবার হাত ধরো।” দু’জনকে একসাথে জড়িয়ে ধরার ছলে বাবা-মাকে পাশাপাশি বসাতো। পদ্মর মা সরে গেছে সব সময়ে। মেয়েটা তার বাবা-মাকে এক করতে পারেনি।

আজকে পাঁচ বছর বয়সে পদ্ম বুঝেই গেছে, তার বাবা-মা কোনোদিন এক হবে না। বাবা চাইলেও হবে না। মা যে চায় না। কিন্তু পদ্ম যে দু’জনকেই ভালোবাসে। তার কি উপায় হবে?